আনোয়ারায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ

পুনর্বাসন না করেই উচ্ছেদ, বিপাকে সাড়ে ৪শ পরিরার

চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। পাউবোর জমিতে থাকা পরিবার গুলোকে পুনর্বাসন না করায় উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছেন প্রায় সাড়ে চার শতাধিক অসহায় পরিবার। এসব পরিবারগুলো শীতের মধ্যে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি থেকে শাহাদাত নগর এলাকায় উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার গুলো।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী বাসিন্দা মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মিরাজ, ইসলাম মিয়া, মতিন, মোহাম্মদ মামুন, সিদ্দিক ড্রাইভার, মোহাম্মদ আখতার, হারেজ, কুনসুমা বেগম, আয়শা বেগম, রোকেয়া, হারুন, শাহদাত হোসেন বাবু, ইয়াকুব, আকতার হোসেন, নাসির বুড়ো প্রমূখ।

ভুক্তভোগী বাসিন্দা মোহাম্মদ হান্নান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের পরিবার এখানে বাস করছেন। নিজেদের কোনো জমি না থাকার কারণে প্রায় সাড়ে চারশত পরিবার এখানে বাস করছে। গত ১ সপ্তাহ ধরে কোনো ধরণের নোটিশ বা পুনর্বাসন না করে আমাদের ঘর-বাড়িতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। শুরুদিকে সড়ক নির্মাণের জন্য সড়ক থেকে ২৯ ফিট ছেড়ে দিতে বললে আমরা স্বইচ্ছায় ২৯ ফিট জমি ছেড়ে দিই। তারপর গতকাল (শুক্রবার) বিকেলে উচ্ছেদকারীরা জানায়, এখন পুরো ঘর-বাড়িও ছেড়ে দিতে হবে। সড়ক নির্মাণ আমরাও চাই, তবে আমাদের পুনর্বাসন করার দাবী জানাচ্ছি।

ভুক্তভোগী কুনসুমা বেগম ‘আমরা ভূমিহীনরা এখানে ঘর নির্মাণ স্বামী-সন্তান নিয়ে থাকছি দীর্ঘ ৩০ বছর ধরে। একদিন আগে মাইকিং করেছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কোনো নোটিশ দেয়নি এত জরুরি ভাবে ভেঙে আমাদের রাস্তায় কেন নামানো হলো আমরা সেটাই বুঝতে পারছি না। আমাদের পুনর্বাসন করুন, আমাদের থাকার জায়গা দিন, এই শীতের মধ্যে আমরা কীভাবে রাত্রিযাপন করব। আমাদের এই জায়গা ছাড়া কোথাও থাকার মতো জায়গা নেই।’

সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আনোয়ারা চাতরী চৌমুহনী ও মেরিন একাডেমি সড়ক চার লেইনে উন্নীতকরণের জন্য সিইউএফএল কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে জায়গা অধিগ্রহণ করেছি। এখানে স্থানীয়দের কোন জমি নেই সুতরাং পুনর্বাসনের বিষয়ে আমাদের কিছু করার নেই।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বর্ণ হক বলেন, ভুক্তভোগী পরিবার গুলোর বিষয়ে আমরা জেনেছি। তবে পাউবো জমিতে উচ্ছেদ অভিযানের বিষয়ে আমরা কোনোধরণের চিঠি পাইনি সড়ক ও জনপদ বিভাগ থেকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।