আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মেয়ের মৃত্যু, হাসপাতালে মা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৮ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির সৌদি প্রবাসী কায়সারের মেয়ে। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে। জান্নাতুল ফেরদৌসের সংসারে রেজভী (১৩) ও রামিম (১০) নামের আরও ২ ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালে এক মহিলাকে মুমূর্ষু অবস্থায় দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ওই মহিলাকে উদ্ধার করা হয়। এ সময় তার সাথে শিশুটিকেও পাওয়া যায়।

স্বজনরা জানান, ১৪ বছর আগে কায়সারের সঙ্গে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। প্রতিদিনের মতো সকালে মেয়েকে স্কুলে পাঠানোর কথা বলে ঘর থেকে বের হয়েছিল তারা।

আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিবি জয়নাব বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে। তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছেন গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন নিহত শিশুর মা সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।