আনোয়ারায় প্রাইভেটকারের-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৫

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, ছৈয়দ নূর (৩৬), নারগিস আক্তার (৪০) ও ফখরুদ্দিনসহ (২৬) পাঁচজন। নাম উল্লেখ করা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এবং বাঁশখালী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে প্রথম দুইজন গুরুতর আহত এবং তাদের জ্ঞান ফেরেনি। এর বাইরে, গুরুতর আহত দুই যানবাহনের চালকের নাম পাওয়া যায়নি।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বুধবার বিকেলে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় বাঁশখালীমুখী প্রাইভেট কারের সাথে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে প্রাইভেট কারের সামনের অংশ ও সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়। ওইসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সালমা আক্তার বলেন, তিনজনের মধ্যে দুইজনের জ্ঞান না ফেরায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলো লোকজন। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।