চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মনির হোসেন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহার বানুর বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে হঠাৎ আগুন ধরে গেলে তা ছিঁড়ে নিচে পড়ে যায়। আগুন দেখে আতঙ্কিত এলাকাবাসী চিৎকার শুরু করলে মনির ঘর থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে। এতে তার হাত ও ঊরু ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম কিশোরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।