টানা দুইবার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক চট্টগ্রাম খবরের স্টাফ রিপোর্টার ইফতেখায়রুল ইসলাম সৈকত। দৈনিক চট্টগ্রাম খবরে প্রকাশিত ‘সহস্র সংগ্রামে মোড়ানো প্রবাস জীবন‘—ধারাবাহিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রথম হয়েছেন চট্টগ্রামের আরেক সাংবাদিক শরীফুল ইসলাম রুকন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ ডেইলি স্টার সেন্টারে গণমাধ্যম কর্মীদের জন্য গৌরবের এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে ব্র্যাক প্রথমবারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।
ইফতেখার সৈকতের এই সফলতায় চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ ও নির্বাহী সম্পাদক শেখ মো. আকিজ তাকে অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।