রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইল্যাঘোনায় অসহায় এক পরিবারের স্বপ্ন সত্যি করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার তারুণ্য’। ‘একটি ঘর, একটি স্বপ্ন’ প্রকল্পের আওতায় তারা নির্মাণ করে দিল এক নিরাপদ আশ্রয়।য
গতকাল শুক্রবার এক অনাড়ম্বর অথচ আবেগঘন আয়োজনে নতুন ঘরটি হস্তান্তর করা হয় পরিবারের কর্তার হাতে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল মাবুদ, আরটিভির প্রতিনিধি মাহমুদুল হাসান সোহাগ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মহিউদ্দিন এবং স্থানীয় সমাজপতি মুনাফসহ এলাকাবাসী।
অতিথিরা ঘরের চাবি হস্তান্তর করে বলেন, এই ঘর যেন হয় নতুন জীবনের শুরু। আমরা পাশে ছিলাম, আছি, থাকব। একইসঙ্গে পরিবারের তিন কন্যার শিক্ষার দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মারুফ বলেন, ফান্ডে এক টাকাও না থাকা সত্ত্বেও আমরা কাজ শুরু করি। কেবল ইচ্ছাশক্তি ও মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে আমরা আজ এই পর্যন্ত এসেছি।
সহ-প্রতিষ্ঠাতা মো. আরিফুল ইসলাম বলেন, তরুণদের সম্মিলিত চেষ্টায় আজ এক পরিবার নিরাপদ আশ্রয় পেয়েছে। একসাথে হলে অসম্ভব কিছু নেই।
নতুন ঘর পাওয়া আব্দুস সালাম কৃতজ্ঞতায় বলেন, এতদিন যা স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আমার মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম। আজ বুঝি, মানুষই মানুষের জন্য।



মন্তব্য নেওয়া বন্ধ।