ইউপি সদস্যের বিচারের দাবিতে লংগদুতে মানববন্ধন

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৬ নম্বর ইয়ারাংছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী রুপচান মেম্বারের বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলীয় প্রভাব বিস্তার করে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবারি, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুটে খাওয়া, বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কাজে জড়িত থাকা ছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রুস্তম আলী ওরফে রুপচান নামক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা মানববন্ধনে বলেন, রুপচান মেম্বার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অধিক অর্থ নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ড দিবেন বলে নিয়মের বাহিরে গিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন এবং টিবিসি সহ বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা আরও জানান, এক দফা এক দাবি নিয়ে এসেছেন রুপচানের মতো নীতিহীন ও অসামাজিক কার্যক্রমে জড়িত থাকা জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে তাদের এ মানববন্ধন।

স্থানীয় সচেতন নাগরিক আবুল কাশেম খানের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের পক্ষে আব্দুর রাজ্জাক মামুন ও মো. ইউনুছ এবং যুব সমাজের পক্ষে হাফিজুল ইসলাম মনির ইউপি সদস্যর দ্রুত বিচার এবং পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন।

এর আগে ইউপি সদস্য রুস্তম আলী রুপচানের পদত্যাগ চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।