কক্সবাজারে বিষ্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের আদর্শ গ্রামে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোতাহার হোসেন (৩৬) নামের আরও এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোতাহারের বাড়ি কক্সবাজার শহরের কলাতলী গ্রামে।

এর আগে আগুনে দগ্ধ কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা আবু তাহের ও আবদুর রহিমের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়। মোতাহারের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তার ভাতিজা মো. হৃদয়। তিনি বলেন, বিকেলে চট্টগ্রাম থেকে মরদেহ নিয়ে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল শুক্রবার সকালে মোতাহারের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪টি বাড়ি, ১টি গ্যারেজে রাখা প্রায় ৪০টি গাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আগুনে অন্তত ১৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহেরের মৃত্যু হয়। পরদিন বুধবার একই হাসপাতালে মারা যান আবদুর রহিম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাদের অবস্থার অবনতি হলে ২৭ ফেব্রুয়ারি ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। রহিম ছিলেন একটি গ্যারেজের মালিক।

মন্তব্য নেওয়া বন্ধ।