চট্টগ্রামের কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌণে পাঁচটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের পুত্র। দুইভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌণে পাঁচটার সময় তিনতলা ভবনের ছাদের উপর কাপড় শুকানোর টিনশেডের ঘরে খেলছিল আসিমসহ চারজন। ওই সময় ওই ভবনের পাশের কবরস্থানের একটি গাছ কাটছিলেন লোকজন। গাছ কাটার সময় একটি ডালপালা ওই টিনশেড ঘরে পড়লে আসিম চাপা পড়ে এবং কাপড় শুকানোর রশিতে পেচিয়ে যায় সে। পরে আসিমের সাথে খেলারত আসিমের ছোট ভাই আয়ানসহ তিনজন নিচে খবর দিলে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর বৃহস্পতিবার রাত আটটার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিবারের লোকজন আহাজারি করছিলো। ওইসময় পুলিশ পৌঁছে ঘটনাস্থলে।
নিহতের ছোট ভাই আয়ান বিন সাইফ বলে, আমরা চারজন খেলা করছিলাম। ওই সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সাথে সাথে সে মারা যায়।
নিহতের চাচা গিয়াস উদ্দিন বলেন, আমরা ঘরে আম খাচ্ছিলাম। তখন আওয়াজ শুনে ছাদে উটে দেখি আসিম টিনের ছালের নিচে চাপা গলায় কাপড় শুকানোর রশি পেচিয়ে যায়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আত্মীয়দের সাথে কথা বলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নিব।



মন্তব্য নেওয়া বন্ধ।