চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলার যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দিতে হবে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ওসি বলেন, ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। এবার তা আরও জোরালো করা হচ্ছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে। তিন বলেন, বাড়ির মালিকরা নিজেদের অজান্তেই সন্ত্রাসী ও জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দিয়ে থাকেন। কিন্তু সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। এজন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীর হত্যাকান্ডের ঘটনা ঘটে। সেখানে স্বামীর নাম ঠিকানা ও পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে।
এর আগে, বুধবার বিকেল থেকে পুরো উপজেলাজুড়ে থানা পুলিশের পক্ষ থেকে সতর্কতা মূলক মাইকিং করা হয়। এতে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে এনআইডিসহ অন্যান্য পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। এনআইডি জমা ছাড়া কোন ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেওয়া যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোন সন্ত্রাসী কাজ করলে বাড়ির মালিককেও তার দায় দায়িত্ব নিতে হবে।
অপর একটি মাইকিং ভিডিওতে বলতে দেখা যায়, এতদ্বারা সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, অত্র কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে আসলে সে ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোন নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোন ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ীর মালিককে সন্ত্রাসী কর্মকান্ডের সহযোগী হিসেবে তাহাকেও আটক করা হবে।’ নির্দেশক্রমে কর্ণফুলী থানা।
তবে সে মাইকিং ভিডিও বিষয়ে ওসি বলেন, আমরা এধরনের কোনো নির্দেশ দেয়নি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।