চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে টানেলের ভেতর পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে আসার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মাইক্রোবাসের চালক আনোয়ারার বাসিন্দা আমজাত হোসেন (২৪), যাত্রী সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)। দুর্ঘটনায় টানেলের ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
টানেলে নিয়োজিত কর্মীরা জানায়, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে টানেলের ভেতরে মাইক্রোবাস টানেল টিউবের দেয়ালে আঁচড়ে পড়ে। এসময় গাড়িতে থাকা চালক, নারী যাত্রীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের টানেল নিরাপত্তার নিয়োজিত কর্মীরা উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে। গাড়ির আঘাতে টানেল ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উচ্ছ্বাস কানন জানায়, টানেলে দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসারপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্ণফুলী টানেল নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটি দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে টানেলের ডেকোরেটিভ বোর্ড ও বৈদ্যুতিক সরঞ্জামেরও ক্ষতি হয়। মাইক্রোবাসটি জব্দ করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।