কাপ্তাইয়ের প্রান্তিক কৃষকের মুখে হাসি ফুটিয়েছে বিলাতি ধনিয়া পাতা

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ি এলাকায় বিলাতি ধনিয়া পাতার বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই ধনিয়া চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা।

সম্প্রতি কাপ্তাইয়ের সাফছড়ি, দেবতাছড়ি ও সাক্রাছড়ি এলাকায় দেখা গেছে, জমিজুড়ে সবুজে ভরপুর বিলাতি ধনিয়ার চাষ। কৃষকেরা জানাচ্ছেন, প্রতি কেজি ধনিয়া ৭০–৮০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এসব ধনিয়া শুধু স্থানীয় বাজারেই নয়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বাজারেও সরবরাহ করা হচ্ছে।

ওয়াগ্গা ইউনিয়নের কৃষক রিজয় তনচংগ্যা বলেন, আগে শুধু সবজি চাষ করতাম। এখন ধনিয়া পাতায় ভালো আয় হচ্ছে, সংসারও চালাতে সুবিধা হচ্ছে। একই এলাকার বাদিরাম তনচংগ্যা জানান, “বাগানের ফাঁকা জায়গায় সহজেই ধনিয়া চাষ করা যায়। খরচ কম, ফলন বেশি।

কাপ্তাই কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি এলাকায় রাসায়নিক সার ছাড়াই এই ধনিয়া চাষ সম্ভব হওয়ায় ভোক্তাদের মধ্যে এর চাহিদা বেশি। উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ বলেন, এই ধনিয়া চাষে অনেক প্রান্তিক কৃষক স্বাবলম্বী হচ্ছে। কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষিবিদদের মতে, সহজ চাষপদ্ধতি, কম খরচ ও ভালো দাম পাওয়ার কারণে বিলাতি ধনিয়া পাতা ভবিষ্যতে পাহাড়ি কৃষির গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।