কুদালা খালে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় অভিযোগ ইউএনও’র কাছে

0

চট্টগ্রামের আনোয়ারায় কুদালা খালে বিষ প্রয়োগ করে নির্বিচারে মাছ ধ্বংসের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট পরৈকোড়া পানি ব্যবস্থাপনার ইজারাদারসহ স্থানীয় এলাকাবাসীরা।

গত মঙ্গলবার নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা মৎস্য কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগটি দেন পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট পরৈকোড়া পানি ব্যবস্থাপনার ইজারাদার মো. জমির উদ্দিন। এরপরই স্থানীয় এলাকাবাসীও পৃথক একটি অভিযোগ দেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক চৌধুরী।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে খালের উজানে বিষ ঢেলে মাছ শিকার করছে এক শ্রেণীর অসাধু লোক। আর সেই মাছ বিক্রি করার পাশাপাশি রান্না করে খাচ্ছেন ওই এলাকার মানুষ। এদিকে মাছের মৃত্যুর কারণ সন্ধানে নেমে বিষ প্রয়োগের প্রাথমিক সত্যতা পেয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

স্লুইসগেট পরৈকোড়া পানি ব্যবস্থাপনার ইজারাদার মো. জমির উদ্দিনের অভিযোগে তিনি সরকারি নিবন্ধিত জেলে দাবি করে উল্লেখ করেন, বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তারই অংশ হিসেবে কৈখাইন কুদালা খালে পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা প্রাপ্ত হইয়া সরকারের নিয়ম মেনে মাছ ধরে আসছে। কিন্তু খালটি ইজারা নেয়ারপর থেকে একটি মহল তাকে উচ্ছেদ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত রোববার রাতের অন্ধকারে একদল অপরিচিত মাছ শিকারী দলবদ্ধ হয়ে খালে মাছ শিকারে নেমে পানি ঘোলাটে বা অন্য উপায়ে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে। এতে ইজারাদার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন।

এর আগে, কুদালা খালে মৃত অবস্থায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে সমলোচনার ঝড় উঠে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক চৌধুরী বলেন, ‘জমির উদ্দিনসহ স্থানীয় ২০ থেকে ২৫ জনের একটি দল পৃথক দুটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, খালে বিষ প্রয়োগের বিষয়ে পাল্টাপাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তভার মৎস্য কর্মকর্তাকে দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।