ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাধারণ, ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ এই তিন শ্রেণিতে ভোটকেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রার্থীদের বাড়ির আশপাশের কেন্দ্র, জনবসতি বেশি এমন এলাকা এবং দুর্গম কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
তিনি বলেন, সাধারণ কেন্দ্রের তুলনায় গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে। বিশেষ করে অতি দুর্গম এলাকায় তাৎক্ষণিক পৌঁছানো কঠিন হওয়ায় সেখানে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ১৪টি সাধারণ, ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোট ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুর্গমতার কারণে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি ও শুকনাছড়ি কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সামগ্রী হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা হবে।
এছাড়া খাগড়াছড়ি জেলার দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার মোট ২০টি ভোটকেন্দ্র সীমান্তের নিকটবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।