খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হুসেন চৌধুরী রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থী আল রাফিকে (১১) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা সদরের আব্দুল রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) এবং পানছড়ির হানিফ হোসেনের ছেলে কামরুল হাসান (২৩)। তাদেরকে এরই মধ্যে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে আল রাফিকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
প্রথমে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলামকে আটক করা হয়।
তবে অপহরণের ‘মূলহোতা’ মালেক মিয়া (মালু) এখনও পলাতক বলে সেনাবাহিনী জানিয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য নেওয়া বন্ধ।