ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পাহাড়ি জনপদে নেমে আসে উৎসবের ঢেউ। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন পাড়া-মহল্লা ও দুর্গম পাহাড়ি পল্লিতে শুরু হয় আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও হৈ-হুল্লোড়।
জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে ব্যতিক্রমী উচ্ছ্বাস। বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। দল বেঁধে তারা আনন্দে মেতে ওঠেন, একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। কোথাও কোথাও নেচে-গেয়ে বিজয়ের আনন্দ উদযাপন করতে দেখা যায় সমর্থকদের।
সমর্থকদের দাবি, এই বিজয় পাহাড়ের মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। তাদের বিশ্বাস, পাহাড়ি-বাঙালির আস্থা নির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবেন। ফলাফল ঘোষণার পর জেলা শহরেও ছিল উৎসবমুখর পরিবেশ।
এদিকে খাগড়াছড়িতে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ) ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তিনি ৮২ হাজার ৭২ এ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫, জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী ৫৮ হাজার ৫৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (সদ্য বহিস্কৃত বিএনপি নেতা) সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত সবশেষ ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীর হাতে ভোটের ফলাফল তুলে দেন।
জেলায় ব্যালটে ভোট পড়েছে ৬২ শতাংশ। এছাড়া এবারের নির্বাচনের গণভোটে হ্যা ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬ আর না ভোটের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯৪২ ভোট।



মন্তব্য নেওয়া বন্ধ।