খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা প্রকাশ নির্মল ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য।
জানা যায়, সাংগঠনিক কাজে জেলা সদরের আকবাড়ি এলাকার চায়ের দোকানে বসা ছিল নির্মল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছু্ড়লে ঘটনাস্থলে নির্মলের মৃত্যু হয়। নির্মলের অপর সহযোগী তখন পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দায়ী বলে অভিযোগ করেছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


