খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার বিকালে মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে ফাঁড়ির এসআই নাজমুল হাসানের বিরুদ্ধে। ২৭ বছর বয়সী ইসমাইল হোসেনের বাড়ি মেরুং বাজার এলাকায়।
ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ফাঁড়ি ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে পৌঁছান।
তিনি জানান, ঘটনাটি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ীর চিকিৎসার খরচ পুলিশ বহন করছে। ইতোমধ্যে এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।