খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: আমেনা বেগম (৯৫) ও মেয়ে রাহেনা বেগম (৪২)।

প্রতিবেশীরা জানান, প্রতিদিন সকালে ঘর থেকে গরু, হাঁস-মুরগি বের করা হয়। তবে আজ সকাল সাড়ে ৯টার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে খোঁজ নিতে গেলে তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ওই বৃদ্ধার দুই মেয়ে ও ৫ ছেলে রয়েছেন। ছেলে-মেয়েদের সঙ্গে জমিজমা লিখে দেয়া নিয়ে তার বিরোধ ছিলো বলে জানান স্থানীয়রা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনা তদন্তে সিআইডিকে খবর দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।