খেলার মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থী

ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বিজয় দত্ত (২৯) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন।

তার বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রাম। তার পিতার নাম শিবু মহাজন। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে। খেলার মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা ভেবেছিল, হয়তো অতিরিক্ত গরম বা ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়েছে। কোনো সাড়া না পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

নিহত পিসিতো বাবু কাজল কান্তি দাশ বলেন, ‘সকাল থেকে সে ক্লাস করেছিল। বিকেলে খেলতে যায় সহপাঠীদের সঙ্গে। কেমন জানি লাগছে বলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, বিজয় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। বিজয়কে নিয়ে কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।’

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, ‘তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। গতকাল সন্ধ্যারপর আমি খবর পাই, সে মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট পরিবার ও সহপাঠীরা। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মন্তব্য নেওয়া বন্ধ।