গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে জামায়াতের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল চারটায় হাটহাজারী উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী এবং হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না। শহীদদের রক্তই একদিন মুসলমানদের বিজয়ের পথ রচনা করবে এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলের বর্বরতা আজ হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতাকেও হার মানিয়েছে।

নেতারা বলেন, গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ। একদিন এ হামলার জন্য তাদের আন্তর্জাতিক বিচারে দাড়াতে হবে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি অবিলম্বে গাজায় হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে বাদ আসর হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হাটহাজারী পৌরবাজার, বাসস্ট্যান্ড, রাঙ্গামাটি সড়ক, কলেজ গেট হয়ে কাচারী সড়ক ঘুরে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে এসে শেষ হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।