চট্টগ্রামের ৮১ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগালো পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় মহানগরের নয়টি থানার অধীনে মোট ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান আছে।

রবিবার (৮ মার্চ) বিকাল ৩টায় দামপাড়াস্থ কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির কমিশনার হাসিব আজিজ। এ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ফলক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, ‌‘নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।’

উদ্বোধন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী এবং উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।