চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে থানার উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। হামলাকারী কারা তা এখনো শনাক্ত হয়নি। আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।