চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৯ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন।

নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।