চট্টগ্রামে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) নগরের বন্দর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ফিল্ড অফিসার মো. নাসির উদ্দিন এবং মেট্রোলজি পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার অংশ নেন।

বিএসটিআই সূত্রে জানা গেছে, মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় মামলা করে ৪৬ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।