চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র্যাব-৭। এ অপরাধে সংশ্লিষ্ট গুদাম মালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ভোরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-৭ ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।
র্যাব সূত্র জানায়, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারজাত করছিলেন। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লেবেল ব্যবহার করে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়।
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সহযোগিতায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
এদিকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে আরও ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


