চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় যুবদল কর্মী মো.সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এজাহারে থাকা ৬ জনসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় আসামিরা হলেন—সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত।
এ ছাড়াও মো. ওসমান, দিদারুল আলম চৌধুরী রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার বাকলিয়া এক্সেস রোডের বগার বিল মুখ এলাকায় রাজনৈতিক ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও সাবেক নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাতে হেলমেট পরা অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ নামের ওই ছাত্রদল কর্মী নিহত হন।



মন্তব্য নেওয়া বন্ধ।