চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত জেলা হাম পরিস্থিতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে (৩১ মার্চ) মঙ্গলবারও ২৬ জন হাম আক্রান্ত সন্দেহে হাসাপাতালে ভর্তি হন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ১৬ জনই চট্টগ্রাম মহানগর এলাকার এবং বাকি ২ জন জেলার ১৫টি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শিশুটির স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলায়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত জেলায় মোট ৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের ক্ষেত্রে হামের জীবাণু নিশ্চিত হওয়া গেছে।
আজও পরিস্থিতি পর্যালোচনার জন্য আরও ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।