চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে ছাত্রদল নেতার একক অবস্থান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

রোববার (৬ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, প্রতিদিন এই সড়কে প্রাণহানির ঘটনা ঘটছে। ঈদের ছুটিতে আমি নিজ হাতে ১১টি লাশ হস্তান্তর করেছি স্বজনদের কাছে। আরাধ্য ও দুর্জয়ের মতো শিশুদের হাসপাতালের বেডে কষ্ট পেতে দেখেছি কাছ থেকে। এমন মর্মান্তিক দৃশ্য যেন আর কাউকে দেখতে না হয়।

তিনি জানান, দুর্ঘটনা রোধে এবং যানজট নিরসনে এই সড়ক ছয় লেনে উন্নীত করা জরুরি। শুধু ছয় লেন নয়, দ্রুততার সাথে অন্তত চার লেনের কাজ শুরু করার দাবি জানান তিনি।

সৌরভ বলেন, কর্ণফুলী টানেলের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন। এখন আবার কালুরঘাট সেতু হচ্ছে, ফলে এই রুটে যানবাহনের চাপ আরও বাড়বে। তাই অবিলম্বে একটি ছয় লেন মাস্টারপ্ল্যান তৈরি করে কাজ শুরু করা উচিত।

তিনি আরও বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, যিনি চট্টলার সন্তান, তিনি যেন এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করেন।

এই একক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করবেন বলে জানান তিনি।

ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের এই একক আন্দোলন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।