বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিবিরহাট, নাজিরহাট ঝংকার মোড়, বারৈয়ারহাটসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছেন।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এতে সড়কে তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে সকাল পৌনে ১০টার দিকে বিবিরহাট এলাকায় দেখা যায়, অবরোধের কারণে কেএমটেক হতে গাউসিয়া মার্কেট পর্যন্ত এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের অন্তত ছয়টি পয়েন্টে ইট- বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও যাত্রী, পথচারী, রোগীসহ শিক্ষার্থীরা।
যানজটে আটকে পড়া নাজিরহাট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. সাহেদ বলেন, সিএনজি থেকে নেমে কেএমটেক থেকে পায়ে হেঁটে কলেজে যাচ্ছি। সড়ক অবরোধের কারণে মনে হয় না কলেজে পৌঁছাতে পারব।
চট্টগ্রাম শহরমুখী খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহন বাসের যাত্রী মো. রিফাত মাহমুদ বলেন, সকাল ১১ টায় অফিসে পৌছার কথা ছিল। এখন অবরোধের কারণে সকাল ১০ টা থেকে গাড়িতে আটকে আছি। এখন বাজে সাড়ে ১১টা।
মিছিলে নানান রকম স্লোগান দেন বিক্ষুব্ধ সুন্নি জনতা। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা।
অবরোধে অংশ নেয়া ইসলামী ছাত্রসেনার নেতা মো. মিনহাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অচিরেই এর বিচার করতে হবে। অন্যতায় আহলে সুন্নাত ওয়াল জামাআত আরও কঠোর কর্মসূচীর দিকে এগোবে।
ইসলামী ফ্রন্ট নেতা কাজী ফোরকান রেজা বলেন, গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
অবরোধে অংশ নেয়া আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক এহসানুল করিম বলেন, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে (সঃ) নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।



মন্তব্য নেওয়া বন্ধ।