চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হল ‘সিপিএ স্কাই’

নৌ-বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চালু করেছে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো-সিপিএ স্কাই‘। এরমধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর এখন থেকে ‘র্স্মাট ও পেপারলেস’ ব্যবস্থাপনার দিকে যাত্রা শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বোর্ডরুমে এ ব্যবস্থাপনার উদ্বোধন করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে র্ভাচুয়ালি যোগ দেন।

বন্দরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে বন্দরের বিভিন্ন ডিজিটাল সিস্টেম থাকলেও তাদের মধ্যে কোনো আন্তঃসংযোগ ছিল না। এখন ব্যবহারকারীরা একবার লগ ইন করে সকল সেবা পাবেন।

এ ব্যবস্থায় রিয়েল টাইম মনিটরিং, ডিজিটাল রেডার ও অটোমেটেড ভ্যাসেল ট্র্যাকারের মাধ্যমে জাহাজের সরাসরি অবস্থান পর্যবেক্ষণ করা যাবে।

একইসঙ্গে আমদানি ও রপ্তানিকারকরা কাস্টমস ও বন্দরের বিভিন্ন দপ্তরে না গিয়ে এক প্ল্যাটফর্ম থেকেই সব অনুমোদন ও কার্গো ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থায় এনবিআর, ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সরাসরি ডেটা ইন্টিগ্রেশন, প্রতিটি ধাপে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিত করা হবে, যা ‘ব্যবসা সহজীকরণে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে বলেন, “এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে তিন থেকে পাঁচ গুণ গতি বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”

মন্তব্য নেওয়া বন্ধ।