চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিতের মেয়াদ বাড়ল, ১৪৪ ধারা বহাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সামনের কয়েকদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

এদিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় আগামীকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময়ে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে অবস্থান এবং অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রশাসনের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার রাত থেকে শহিদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাম ছাত্রসংগঠনগুলো যৌথভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে তারা নতুন কর্মসূচি শুরু করবে বলে জানানো হয়েছে।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় ঢোকার সময় এক ছাত্রীকে দারোয়ান চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরদিন সকাল থেকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ চার থেকে পাঁচ শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যা এখন আরও একদিনের জন্য বাড়ানো হলো।

মন্তব্য নেওয়া বন্ধ।