চবিতে শেষ মুহূর্তে প্রার্থীদের ঢল

চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল থেকেই নির্বাচনী উত্তেজনা দেখা গেছে। সন্ধ্যা হড়ালেও প্রার্থীদের ভিড় দেখা গেছে মনোনয়ন ফর্ম কিনতে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে ভিড় করছেন বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের উপস্থিতি ও সমর্থকদের আনাগোনা ক্যাম্পাসে তৈরি করেছে উৎসবমুখর নির্বাচনী আমেজ।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা থেকে কেন্দ্রীয় সংসদে বেশ কিছু মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এছাড়া ছাত্র ও ছাত্রী হলগুলো মিলেও অনেক ফরম বিতরণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেষ দিনে প্রত্যাশিত সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জমাদানের শেষ সময় পর্যন্ত ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীরা বাড়তি দায়িত্ব পালন করছেন।

গতকাল বিচ্ছিন্নভাবে মনোনয়ন নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবারও কিছু নেতা-কর্মী মনোনয়ন গ্রহণ করেছেন। ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী এক নেতা বলেন, আমরা আলাদাভাবে এখন মনোনয়ন নিচ্ছি। দ্রুতই প্যানেল ঘোষণা করা হবে।

অন্যদিকে, ছাত্রশিবিরের কয়েকজন প্রার্থীকে মনোনয়ন নিতে দেখা গেছে। দুপুরের মধ্যে তারা একসঙ্গে মনোনয়ন গ্রহণ করতে পারেন বলে জানা গেছে। এছাড়া বাম সংগঠনের নেতা-কর্মীরাও নিজেদের মতো করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। প্রার্থীদের সমর্থকরা নিজেদের প্যানেল বা ব্যক্তিগত জনপ্রিয়তা প্রচারের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন, যা একধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে।

নির্বাচন সংক্রান্ত তফসিল অনুযায়ী: আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন। আগামীকাল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।