চবির সি ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৬.৬৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৬৯ শতাংশ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই তিনটি কেন্দ্রে মোট ১৬ হাজার ৯২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৬৭৩ জন। কেন্দ্রভিত্তিক উপস্থিতির হিসাবে চট্টগ্রাম কেন্দ্রে সর্বোচ্চ ৯২ দশমিক ৭৯ শতাংশ, রাজশাহী কেন্দ্রে ৮৮ শতাংশ এবং ঢাকা কেন্দ্রে ৭৪ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, সি ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এগুলো হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স।

সি ইউনিটে মোট আসন সংখ্যা ৫১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা গ্রুপের জন্য ৩৩০টি, বিজ্ঞান গ্রুপের জন্য ১৪৬টি এবং মানবিক গ্রুপের জন্য ৩৪টি আসন বরাদ্দ রয়েছে। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী শনিবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।