চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে দুইটায় তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

ছাত্রদলের অভিযোগ, ইব্রাহীম হোসেন বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা ভবন) ইতিহাস বিভাগের ৩২৩ নম্বর কক্ষে প্রায় ২০ মিনিট শ্রেণিকক্ষে প্রচারণা চালিয়েছেন। এতে ক্লাস ও শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও অন্যান্য প্রার্থীরা অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক প্রধান মনির উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। আচরণবিধি দেখাশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে পৃথক কমিটি রয়েছে, তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হবে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি মোহাম্মদ আলী দাবি করেন, ইব্রাহীম শুধুমাত্র নিজের বিভাগের জুনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে আমাদের পক্ষ থেকেও কিছু অভিযোগ রয়েছে, যা আমরা কমিশনে জানাব।

এদিকে, ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন বলেন, যে কেউ অভিযোগ জানাতে পারে। নির্বাচন কমিশন চাইলে আমি জবাব দেব।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সপ্তম চাকসু নির্বাচন হতে যাচ্ছে ৩৫ বছর পর। একই দিনে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট হবে। এরপর শুরু হবে গণনা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসু ও হল সংসদে চূড়ান্ত প্রার্থী আছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদে নির্বাচন করবেন ৪৮৬ জন। নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।