সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। এসময় স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন, র্যাব, পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত একটি টিম সেখানে অভিযানে যায়।
সাংবাদিকদের একটি বহরও সেখানে উপস্থিত ছিলো। জানা যায়, উচ্ছেদ শেষ করে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টিম ফেরত আসছিলো। সাংবাদিক, বিদ্যুত, ও ফায়ার সার্ভিসের গাড়ি সবার সামনে ছিলো। এসময় স্থানীয় বাসিন্দারা প্রথমে সাংবাদিকদের গাড়ি আটকে দেয়। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় নিজেদের পূর্ণবাসন না করে উচ্ছেদ না করতে অনুরোধ জানান। অবরুদ্ধ অবস্থা থেকে রক্ষা করতে সেখানে এগিয়ে যান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল আহসান।
এর কিছু সময় পর তারা জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের গাড়ি আটকে দেয়। পরে তারাও গাড়ি থেকে নেমে স্থানীয়দের পূর্নবাসন করার আশ্বাস দিয়ে ফেরত আসেন।
অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরের ৩ হাজার একরের উপরে সরকারি খাস জমি রয়েছে। ইয়াসিন-মশিউরের সিণ্ডিকেট এখানে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করছে। এগুলো ভূমি দখলের পায়তারা। এই এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত দাগী সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছেন। সরকারের যে পরিকল্পনা এখানে রয়েছে তা যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে।
জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, জঙ্গল ছলিমপুরে সরকার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এই প্ল্যান বাস্তবায়নে চট্টগ্রামে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে। এই এলাকায় ইয়াসিনের একটি বাহিনী রয়েছে। যারা ভূমি দস্যুতার সাথে সম্পৃক্ত। ইতোমধ্যে ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। সে এখন জেলে।
আমরা এখানে কাউকে অপরাধের অভয়ারণ্য বানাতে দিবো না। আমাদের স্পষ্ট ম্যাসেজ অবৈধ ভূমিদস্যু যারা রয়েছেন, বিভিন্ন অপরাধ করে বেড়ান তারা যেন আলীনগর ছাড়েন। চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা প্রশাসন এখানে একসাথে কাজ করবে।
এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড মো. আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, ওসি আবুল কালাম আজাদ।
এমএইচকে



মন্তব্য নেওয়া বন্ধ।