পরিকল্পনা ও অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, আমেরিকাসহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে। জ্বালানি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও কম্প্রোমাইজের সুযোগ নেই।’
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি। তবে উচ্চ মূল্যে তেল ও গ্যাস কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়। তাই শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে এতে অংশ নিতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’
পুঁজিবাজার সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে। ব্যাংক ঋণ নির্ভর বিনিয়োগের তুলনায় পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করা হবে। তিনি নতুন সরকারের সফলতার কথাও তুলে ধরে বলেন, ‘সবকিছুর সাপ্লাই চেইন অব্যাহত রয়েছে। এটি একটি চ্যালেঞ্জ, যার মোকাবিলায় সকলের সহযোগিতা প্রয়োজন।’
উদ্বোধনী অনুষ্ঠানে সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান, বক্তব্য রাখেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রধান নির্বাহী কিহাক সাং, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সদস্য সৈয়দ মাহমুদুল হক, এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র, কেইপিজেডের ব্যবস্থাপক মুশফিকুর রহমানসহ ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের কর্মকর্তাবৃন্দ, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার রুমা দাশ।
বক্তারা জানান, গত বছরের ফেব্রুয়ারি মাসে ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তির বাস্তব রুপায়নে ইয়ংওয়ান কর্পোরেশন সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপের অংশ হিসেবে এক কোটি নয় লাখ ষাট হাজার টাকা প্রদান করে।
এই স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম থেকে মোট ১৬ জন শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়।
মর্যাদাপূর্ণ এই স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পুরো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফসহ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে। এই শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের অংশ হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্ণশিপের সুযোগ পাবে এবং সফল সমাপ্তি শেষে সেখানেই চাকুরীতে যোগদান করবে। সেইসাথে তাদেরকে মেন্টরশিপ সুবিধা, কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান, ইয়ংওয়ান কর্পোরেশনের সৌজন্যে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অংশকে শিক্ষকবৃন্দের সঙ্গে আগামী মাসে কোরিয়ায় একটি শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।


