ডিসেম্বর থেকে জুনে নির্বাচন আমরা সমর্থন করি—হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথা বলা হয়েছে, তাকে আমরা সমর্থন করি। তবে তার আগে একটি সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং পিলখানা, শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (২৬ মে) বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা সফর উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, হাটহাজারীতে যারা সংসদে গিয়ে ক্ষমতায় বসেছে, তারা হাটহাজারী মাদ্রাসাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার পর তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। অথচ বাংলাদেশে যদি কেউ সরকার গঠন করে, তাহলে অবশ্যই আলেমদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

সংবিধান নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে সংবিধান আছে, তা কেবল ‘মুজিববাদ’ নয়, বরং এটি ‘আওয়ামীবাদ’ ও ‘হাসিনাবাদ’ সংবিধান। এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া প্রয়োজন।

হাসনাত আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধে সরকারের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি যেকোনো কাজ জনগণের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করবে এবং আলেম সমাজের গবেষণা ও ডিগ্রি অর্জনের মতো অগ্রগতিকে মূল্যায়ন করবে। ধর্মনিরপেক্ষতার নামে আলেমদের ওপর আর কোনো নিপীড়ন সহ্য করা হবে না।

এ সময় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।