“খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখুন, ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স দিন”— এই দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতারা। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা চরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যানারে পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধশতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন, আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা টিকে থাকতে পারবে না।
এ সময় সংগঠনের সভাপতি সুসময় চাকমা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পায়, তা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। কিন্তু নতুন নীতিমালার কারণে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, পুরোনো আইডি কার্ডধারীদের বহাল রেখে সবাইকে টি.ও লাইসেন্স প্রদান করা হোক।
বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অনেক অভিজ্ঞ খুচরা বিক্রেতাকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যা কৃষকদের সার প্রাপ্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। তারা বলেন, বছরের পর বছর সৎভাবে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের বাদ না দিয়ে বরং স্বীকৃতি দেওয়া উচিত।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, কার্যকরী কমিটির সদস্য মোঃ নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
শেষে সভাপতি সুসময় চাকমা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কৃষকের বন্ধু। আমাদের বাদ দিয়ে কৃষি খাত এগোবে না। তাই দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।