দুই শিক্ষার্থীর ওপর হামলা, চবির ফটকে তালা

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। স্থানীয়রা কয়েকদিন আগে তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আহত আতিকুল ইসলাম বলেন, আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই, এরপর তারা আমাদের মারধর করে। পুলিশ পাশে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনায় কয়েকজন আহত হয়েছেন। প্রধান ফটকে তালা দেওয়া রয়েছে। প্রক্টরিয়াল বডি আসার পর সমাধান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।