সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আল সারকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
মঙ্গলবার (১৫ জুলাই) ফুজাইরাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো ও উভয় দেশের উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
চেয়ারম্যান শেখ সাঈদ সারকি বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, ফুজাইরাহর ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ফুজাইরাহর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে।
কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বিনিয়োগবান্ধব দেশ। তিনি ফুজাইরাহর উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি পাট, পোশাক, ওষুধ, চামড়া ও কৃষিপণ্যের রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন।
এ সময় কনসাল জেনারেল ফুজাইরাহ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে ফুজাইরাহ চেম্বারের সহযোগিতাও প্রত্যাশা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফুজাইরাহ চেম্বারের ভাইস চেয়ারম্যান সরুর হামাদ ওবাইদ হামাদ জউহারি, বোর্ড সদস্য আহমেদ জাহের আলমাদানি, ডিরেক্টর জেনারেল সুলতান জামেই আল হিনদাসি এবং বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান।



মন্তব্য নেওয়া বন্ধ।