দেশীয় পাঞ্জাবিকে ‘ভারতীয়’ বলে বিক্রি, রাজস্থানকে জরিমানা

চট্টগ্রামে দেশীয়ভাবে তৈরি পাঞ্জাবি ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি এবং দামের অসঙ্গতির অভিযোগে ‘রাজস্থান পাঞ্জাবি’ নামে একটি অভিজাত বিপণি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দেশীয় পাঞ্জাবিকে ভারতীয় বলে বিক্রি করছে এবং এ বিষয়ে কোনো বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেনি। একই পণ্যে বাংলাদেশি ও ভারতীয়—দুটি আলাদা ট্যাগও পাওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।