রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় দুই কলেজ পড়ুয়া ছাত্র এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাত আনুমানিক ৯টার দিকে তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে হঠাৎ তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ হয়ে যান। নিখোঁজরা হলেন- ডিলিশন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)। বিষয়টি সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা নিশ্চিত করেছেন।
এদিকে নিখোঁজদের পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোজাখুজি করলেও এখনো তাদের সন্ধান মেলেনি। ঘটনাস্থলে নৌকাটি উদ্ধার হলেও দুর্ঘটনার ২৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ ছাত্রদের পাওয়া যায়নি।



মন্তব্য নেওয়া বন্ধ।