সামাজিক দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেছেন, সমাজের মধ্যে বিরাজমান মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ব্যাধি সামাজিক সংগঠনগুলোর উদ্যোগেই দূর করা সম্ভব।
শুক্রবার বিকেলে নগরের বাটালী রোড যুব পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, তরুণ সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাদের নেতৃত্বে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, সমাজকর্মী সাইফুদ্দিন আহমেদ খান, ইকবাল চৌধুরী এবং নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা।
সাংবাদিক ওয়াহিদ জামান তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কিশোর গ্যাংয়ের অংশ না হয়ে বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে বাবা-মায়ের গর্বের কারণ হতে হবে।
আলী আব্বাস খান বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী সংগঠন পরিচালনা করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলী মর্তুজা বলেন, “দীর্ঘ অপশাসনের কারণে এনায়েতবাজার মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদক মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল মাবুদ মিন্টু। পরে ৫৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অভিষেক শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য নেওয়া বন্ধ।