পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু জয়ের লক্ষ্য বাবর আলীর

0

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ের অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। ‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানে অংশ নিতে তিনি প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিশ্বে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার মোট ১৪টি পর্বত রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে চারটি শৃঙ্গ জয় করেছেন বাবর আলী, যা কোনো বাংলাদেশির জন্য অনন্য কৃতিত্ব। এবার তিনি লক্ষ্য স্থির করেছেন নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮৪৮৫ মিটার উচ্চতার মাউন্ট মাকালু, যা ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, ১৪টি আট হাজার মিটার পর্বত জয়ের দীর্ঘদিনের লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। পূর্ব পরিকল্পনায় পাকিস্তানের নাঙ্গা পর্বত অভিযানের কথা থাকলেও অর্থসংকট ও সীমান্ত পরিস্থিতির কারণে তিনি মাকালু অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, মাকালু একটি অত্যন্ত চ্যালেঞ্জিং শৃঙ্গ, এর খাড়া ঢাল ও প্রবল বাতাস পর্বতারোহীদের জন্য কঠিন পরীক্ষা তৈরি করে।

বাবর আলীর পর্বতারোহণ যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এর আগে ২০১০ সালে ট্রেকিংয়ের মাধ্যমে তার পর্বতাভিযানের শুরু। তিনি ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম শৃঙ্গ জয় করেন।

২০২৪ সালে একই অভিযানে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার শৃঙ্গ জয় করা কোনো বাংলাদেশির জন্য প্রথম ঘটনা। ২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ জয় করেন এবং কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু আরোহণ করেন—যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

আগামী ৭ এপ্রিল তিনি মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। নেপালের কাঠমান্ডু হয়ে টুমলিংটার পৌঁছে সেখান থেকে বেস ক্যাম্পে যাবেন তিনি। প্রায় ৫০ দিনব্যাপী এই অভিযানে ধাপে ধাপে উপরের ক্যাম্পগুলোতে ওঠানামার মাধ্যমে শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শৃঙ্গে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভার্টিক্যাল ড্রিমার্স-এর উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।

এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে আরোও দাঁড়িয়েছেন স্যাম-বন্ড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের পর্বতারোহণ মহলের পরিচিত মুখ ও পর্বত অনুরাগীরাও। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাবরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।