পাহাড়ি গরুতে জমে উঠেছে রাঙামাটির কুরবানি পশুর হাট

রাঙামাটিতে হাটে আনা হয়েছে প্রচুর পাহাড়ি গরু। বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তে জমেছে কুরবানি পশুর হাট। এর কয়েক দিন আগে জেলা সদরসহ বিভিন্ন হাটে পশু আনা হলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। ফলে শুরু থেকে কেনাবেচা জমেনি।

বুধবার শহরের পৌর ট্রাক টার্মিনালে বসানো পশুর হাটে গিয়ে দেখা যায়, প্রচুর পাহাড়ি গরু হাটে এসেছে। আর বেচাকেনাও খুব জমে উঠেছে। এ হাটে প্রতিটি গরু বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। জমেছে ক্রেতাদের ভিড়। তবে বিক্রেতাদের মধ্যে পাইকারের সংখ্যা বেশি। আগের বছরের চেয়ে এ বছর কিছুটা সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা।

তারা বলেন, পশুর হাটে স্থানীয় বিক্রেতার সংখ্যা কম। তবে পাইকারদের কাছ থেকে কিছুটা সুলভ মূল্যে গরু কেনা যাচ্ছে। এর আগে প্রচুর বৃষ্টির কারণে গরু কেনা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করেও পশু কিনতে হচ্ছে।

মৌসুমি গরু ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, কুরবানি উপলক্ষে প্রতি বছরই কিছু গরু লালন-পালন করে হাটে তুলি। কিন্তু এ বছর কয়েক দিন আগে পশুরহাট বসলেও ক্রেতা উপস্থিতি কম ছিল। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বাড়লেও তেমন দাম মিলছে না। তাই আগের বছরের তুলনায় এবার লাভ কম হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।