পাহাড়ে আলো ফাউন্ডেশনের সংবর্ধনা

দুর্গম পাহাড়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আলোকিত সমাজ গঠনে আলো ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

শুক্রবার উপজেলার মাইনীমূখ ইউনিয়নের এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটি ও আলো ফাউন্ডেশন লংগদু উপজেলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলো অ্যাওয়ার্ড প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান।

এতে প্রধান অতিথির বক্তব্যে মিনহাজ মুরশীদ বলেন, সমাজ উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে আলো ফাউন্ডেশনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফআইডিসি টিলা গ্রামের অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ বছর আলো অ্যাওয়ার্ড প্রদান করা হয় দুই গুণী ব্যক্তিকে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ ও রাঙামাটি জজ কোর্টের আইনজীবী মো. হারুন অর রশিদকে।

এ্যাড. হারুন অর রশিদ বলেন, লংগদু আমার জন্মভূমি। এই এলাকার উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের সৎ ও যোগ্য নেতৃত্বকে সকলে মিলে সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ মো. নুর জামাল আলো ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে বলেন, সমাজ উন্নয়নে আলো ফাউন্ডেশনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. শুরুজ্জামাল। উপস্থিত ছিলেন সেক্রেটারি হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ সুজন কবির, প্রাক্তন সভাপতি মজিবর রহমান প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।