পাহাড়ে উৎসবের রঙ, জলে ভাসলো বিজুর ফুল

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে রাঙামাটির কাপ্তাই হ্রদ ও কাঁচালং নদীসহ বিভিন্ন প্রবাহমান ছড়া, খালে ফুল পূজার মধ্যদিয়ে চাকমা সম্প্রদায়ের মানুষ ফুল বিজু উদযাপন করেন।

চাকমা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী লোকজন ফুল সংগ্রহ করে কাপ্তাই হ্রদ সহ নদী ও বিভিন্ন ছড়া-খালে ফুল দিয়ে গঙ্গা দেবীর উদ্দ্যেশে পূজা করেন।

ফুল পূজা দিতে কাঁচালং ও মাইনী নদী দিয়ে কাপ্তাই হ্রদের অববাহিকায় ভিড় জমান শত শত পাহাড়ি মানুষ। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। ফুলে ফুলে রঙিন হয়ে উঠে হ্রদ পাহাড়ের দুই পাশ।

পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতেই এই ফুল পূজার আয়োজন করেন চাকমারা। এবারের বিজু উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করেন তারা।

রোববার চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরারা ‘বৈসু’ এবং নববর্ষের দিন থেকে তিন দিন ধরে সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা।

মন্তব্য নেওয়া বন্ধ।