পাহাড়ে বর্ষবরণে ত্রিপুরাদের নান্দনিক বৈসু

0

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব ‘বৈসু’ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচারের নান্দনিক উপস্থাপনা মুগ্ধ করে দর্শনার্থীদের।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ফুলের সাজ ও লোকজ উপকরণের মাধ্যমে তুলে ধরা হয় ত্রিপুরাদের নিজস্ব কৃষ্টি। শোভাযাত্রার আগে আলোচনা সভা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ‘গরয়া নৃত্য’ বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের মুগ্ধ করে।
পাহাড়ে বর্ষবরণে ত্রিপুরাদের নান্দনিক বৈসু 1

আগামী ১২ এপ্রিল নদীতে ফুল পূজার মধ্য দিয়ে শুরু হবে ত্রিপুরাদের বৈসু ও চাকমাদের বিজু উৎসব। ১৪ এপ্রিল শুরু হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই। এবার থেকে তিনটি উৎসব নিজ নিজ স্বতন্ত্র নামেই উদযাপিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।