পুকুরে লাফ দিয়েও রক্ষা হল না পুলিশ হামলার আসামী

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি নুরুল আবসার নিশু (৩২) নামে এক যুবকের। পুলিশ তাকে পরে পুলিশের উপর হামলার মামলার আসামি হিসেবে আদালতে পাঠিয়েছেন।

গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর একটি দল। এতে অংশ নেন সেনাবাহিনী ও পুলিশ।

গ্রেপ্তার হওয়া নুরুল আবসার নিশু শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের মংগল মাঝির বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ বইদ্যার পুত্র।

সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মে কর্ণফুলীর কলেজ বাজারের জামালপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন নিশু। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

রোববার রাতে যৌথ বাহিনী নিশুর অবস্থান নিশ্চিত হয়ে কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন নিশু। তবে সেখান থেকেই যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, যৌথ বাহিনীর অভিযানে নিশুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।